ব্যাট-জার্সি নিলামে তুলছেন পাকিস্তানের আজহার

করোনাভাইরাসের কারণে সংকটকালে সাহায্যের হাত বাড়াতে বড় উদ্যোগ দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার আজহার আলি। তহবিল সংগ্রহ করতে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো ব্যাট, আর ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগ জেতা জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন তিনি।
নিলামের তুলতে যাওয়া ব্যাটটি দিয়ে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক আজহার। আর নিলামে তোলা জার্সিটি পরেছিলেন ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। জার্সিতে ট্রফি জয়ী পুরো দলের সদস্যদের সই রয়েছে।
নিলামে তুলতে যাওয়া ব্যাট ও জার্সিকে নিজের সবচেয়ে ‘প্রিয় বস্তু’ উল্লেখ করে টুইটারে ভিডিও বার্তায় এসব নিলামে তোলার ঘোষণা দেন ৩৫ বছর বয়সী আজহার।
“আমার সবচেয়ে প্রিয় স্মারকগুলোর দুটি এগুলো। ট্রিপল সেঞ্চুরির সৌভাগ্য সব ক্রিকেটারের হয় না। আর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর জার্সিতে সবার অটোগ্রাফ নিয়ে রেখেছিলাম। দুটি স্মারকই আমার হৃদয়ের খুব কাছের। তবে এই কঠিন সময়ে সেসব যদি লোকের উপকারে লাগে, আমি তাতেই বেশি ভালো লাগবে।”
জার্সি-ব্যাট প্রতিটির ভিত্তিমূল্য রেখেছেন ১০ লাখ পাকিস্তানি রুপি। নিলাম শেষ হবে ৫ মে।




