
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় লাল মিয়া (৮০) নামে এক বৃদ্ধের নামে থানায় মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে নাসিম রহমান নামে সাতৈর বাজারের ব্যবসায়ী বাদি হয়ে দণ্ডবিধির ২৯৫/২৯৬ ধারায় থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে পান ও ফল ব্যবসায়ী নাইমের দোকানের পাশে বসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন লাল মিয়া।
লাল মিয়া বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে পান ও ফল ব্যবসায়ী নাইমের দোকানের পাশে বসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আশি বছরের বৃদ্ধ লাল মিয়া। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এ ধরনের মন্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে তিনি বাজার থেকে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নিলে বিক্ষুব্ধ জনতা ওই বাড়ি চারিদিকে ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাল মিয়াকে আটক করে থানায় নেয়। পরে দণ্ডবিধির ২৯৫/২৯৬ ধারায় মামলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা নম্বর-০৯।
মামলার বাদি সাতৈর বাজারের ব্যবসায়ী নাসিম রহমান বলেন, “সাতৈর বাজারে মহানবীকে নিয়ে কটূক্তি করতে শুনেছি। পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে। আমরা চাই, আদালতের মাধ্যমে তার এমন শাস্তি হোক যেন ভবিষ্যতে কেউ মহানবী বা অন্য কোনো ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার সাহস না পায়।”
একই বাজারের অপর ব্যবসায়ী নাইম শেখ জানান, আমার দোকানের পাশে বসেই লাল মিয়া মহানবী-কে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। আমাদের নবী নাকি গান-বাজনা শুনতেন, এমনকি অশালীন নাচও উপভোগ করতেন। এ কথা শুনে বাজারের লোকজন উত্তেজিত হয়ে লাল মিয়ার ওপর ক্ষিপ্ত হলে সে গোপনে পালিয়ে যায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অ ঘটনায় থানায় দণ্ডবিধির ২৯৫/২৯৬ ধারায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।




