বিনোদন

বোরখা পরে ছবি দেখতে যাচ্ছেন বুবলী

ঈদের দিন। ঈদের শুভেচ্ছা তো আসছেই, পাশাপাশি ছবি নিয়ে প্রশংসা বাণীও পাচ্ছেন নায়িকা শবনম বুবলী। রোববার হলে গিয়ে দর্শকদের সঙ্গে নিজের ছবি দেখবেন তিনি। তবে কোন সিনেমা হলে যাবেন তা এখনই জানাতে চান না বুবলী। খ্যাতির বিড়ম্বনা এড়াতে তিনি হলে যাবেন বোরখা পরে। দর্শক কেমন উপভোগ করছে ছবি তা তিনি নিজের চোখে দেখতে চান, লুকিয়ে লুকিয়ে।
বুবলী বলেন, ‘সকাল থেকেই অনেক অনুপ্রেরণা পাচ্ছি অনলাইনে। সারা দেশে দর্শক ছবি পছন্দ করেছে, সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে দর্শক আমাকে এত পছন্দ করছেন যে চলচ্চিত্রে কাজ করার ইচ্ছাটা আরো বেড়ে গেল। আপনাদের কথা দিচ্ছি সামনে আরো ভালো ছবি নিয়ে উপস্থিত হব। আর আগামীকাল দর্শকদের সঙ্গে ছবিটি দেখব।’
কোন সিনেমা হলে কখন ছবি দেখতে যাবেন, জানতে চাইলে বুবলী বলেন, ‘এটা বলা যাবে না কোন সিনেমা হলে যাব। কারণ আমি হলে যাব লুকিয়ে, কেউ যেন টের না পায়। গত বছরের মতো বোরখা পরে গোপনেই যাব ছবি দেখতে।’
দর্শকদের সঙ্গে ছবি দেখার অনুভূতি জানিয়ে বুবলী বলেন, ‘আমি গত বছরও দর্শকদের সঙ্গে বসে ছবি দেখেছি। তাঁরা কখন হাত তালি দেন, কখন উত্তেজিত হন, সেই বিষয়গুলো দেখতে ভালো লাগে। এর থেকে আমি বুঝতে পারি দর্শক কোন জায়গাটা কীভাবে নিচ্ছে। অভিনয় করার সময়ও আমি বুঝতে পারি কীভাবে ডেলিভারি দিতে হবে। ছবির বাঁকগুলো সহজে বুঝতে পারি দর্শকদের সঙ্গে ছবি দেখলে।’
গত বছর দুই ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় শবনম বুবলীর। শামীম আহম্মেদ রনি পরিচালত ‘বসগিরি’ ও রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবি দুটি দিয়ে তিনি চলচ্চিত্রে পা রাখেন। এ বছর বুবলী অভিনীত ও আবদুল মান্নান পরিচালিত ‘রংবাজ’ মুক্তি পেয়েছে ১৬২টি সিনেমা হলে। বুবলীর আরেকটি ছবি, শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ মুক্তি পেয়েছে ১১৯টি সিনেমা হলে। দুটি ছবিতেই বুবলীর বিপরীতে রয়েছেন শাকিব খান।
সুত্র : এন টি ভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button