sliderস্থানিয়

বোয়ালমারীতে দুর্ঘটনায় আহত আলিফের ঢাকার হাসপাতালে মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আলিফ উদ্দীন মৃধা (৮) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলিফের মৃত্যু হয়। এর আগে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সহস্রাইল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ উদ্দীন মৃধা বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল এলাকার শিপন উদ্দীন মৃধার ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, রবিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার হাটগোবিন্দপুর এলাকার বাসিন্দা রাশেদ মোল্যা যাত্রীবিহীন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৩-৪১৪৮) নিয়ে আলফাডাঙ্গা থেকে বোয়ালমারী পৌর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে সহস্রাইল এলাকায় একটি আখটানা টলি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শিপন উদ্দীন মৃধা, তার স্ত্রী ও শিশু আলিফ গুরুতর আহত হন। আহত অবস্থায় আলিফকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত প্রাইভেটকারের চালক রাশেদ মোল্লাকে সোমবার বিকেলে বোয়ালমারী এলাকা থেকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবার মামলা করার কথা জানিয়েছে। মামলা হলে চালককে গ্রেপ্তার দেখানো হবে।” এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত পরিবার দাফন প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button