
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত শনিবার দিবাগত গভীর রাতে সাতৈর ইউনিয়নের কাদিরদি ডিগ্রি কলেজের মাঠ থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ জন মাদককারবারীকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে ৪০৪ পিস ইয়াবা বড়ি ও ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় এসআই শফিকুল আলম বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নম্বর ৩৪। আটককৃত আসামিরা হলো মধুখালী উপজেলার দস্তর দিয়া গ্রামের জয়নাল শেখের ছেলে রবিন সেখ(৩০), একই গ্রামের সিরাজ শেখের ছেলে সজীব শেখ (৩০), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সর্বানদিয়া গ্রামের ইমামুল সেখ(৩৮),আমোরদী গ্রামের হাসেম শেখের ছেলে রেজাউল সেখ (৩২), রেজাউলের ছোট ভাই তরিকুল সেখ(১৮), সাতৈর ইউনিয়নের কাদিরদি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শফিউল আলম(৪৪), কোতোয়ালি থানার চতর গ্রামের ছেলে মো. জাহিদ শেখের ছেলে মিলন সেখ (২৭)।
থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, শনিবার দিবাগত গভীর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেন। মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সেনা ক্যাম্প জানায়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে রয়েছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।




