শিক্ষাশিরোনাম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার-শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, সরকারের এসব কার্যক্রম গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার সুযোগ ও গুণগত মানের পার্থক্য কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখছে। নুরুল ইসলাম নাহিদ রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নির্বাচিত মডেল স্কুলে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের জন্য ল্যাপটপ বিতরণ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৩১৫ মডেল স্কুল প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের ৩১০টি মডেল বিদ্যালয়কে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সরঞ্জাম প্রদান করা হয়। এসব স্কুলকে ৩ হাজার ৫২০টি কম্পিউটার, ২ হাজার ১৭০টি ল্যাপটপ, ২ হাজার ১৭০টি প্রজেক্টর, ১৬০টি ফটোকপি মেশিন ও বিভিন্ন আসবাবপত্র প্রদান করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জিনাত ইমতিয়াজ আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হান্নান জানান, ৩১৫ মডেল স্কুল প্রকল্পের প্রকল্প পরিচালক কে এম রফিকুল ইসলাম ও পূর্বধলা মডেল স্কুলের প্রধান শিক্ষক সুধাংসু শেখর প্রমুখ বক্তব্য দেন।

নাহিদ বলেন, মডেল স্কুলে স্বয়ং সম্পন্ন আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ল্যাব গড়ে তোলা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের জন্য সরকার ৫৫ কোটির বেশি টাকা ব্যয় করেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট আইসিটি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রয়োজনের নিরিখে ভবিষ্যতেও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী প্রতিটি উপজেলায় একটি স্কুলকে মডেল হিসেবে বাছাই করে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে জানিয়ে অনুষ্ঠানে আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইসিটি ল্যাবে আজ ল্যাপটপসহ সংশ্লিষ্ট সব সামগ্রি প্রদান করা হয়েছে। এক একটি ল্যাবের জন্য ২২টি ল্যাপটপ ও কম্পিউটার দেয়া হয়েছে।

সামরিক বাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরির সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে মন্ত্রী এর সফল বাস্তবায়নে তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সঠিক, সুন্দর ও নিয়মিতভাবে এই ল্যাব ব্যবহারে শিক্ষার্থীদের সহযোগিতা করবেন।

মন্ত্রী বলেন, নির্বাচিত মডেল স্কুলে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমে ঠিকমতো শিক্ষা কার্যক্রম চলছে কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মনিটরিং করা হবে। শিক্ষায় যে বিনিয়োগ করা হচ্ছে তা সঠিকভাবে ব্যবহার করে এর মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা পরিবারের সদস্যদের প্রতি নুরুল ইসলাম নাহিদ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার গত ৭ বছরে সারাদেশে ৬ হাজার ২৩৫ টি স্কুল, কলেজ, মাদরাসায় নতুন ভবন নির্মাণ ও ভবন সংস্কারের কাজ করছে। বর্তমানে আরো ৩ হাজার ২৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরণের নির্মাণ কাজ চলমান রয়েছে। নাহিদ বলেন, শিক্ষাদান পদ্ধতির আমূল পরিবর্তনের পাশাপাশি শিক্ষাপ্রশাসনে গতি সঞ্চারে ভূমিকা পালন করছে। তিনি তথ্যপ্রযুক্তি যুগান্তকারী শিক্ষাদান পদ্ধতি আকর্ষণীয় করতে সারাদেশে ২৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হয়েছে।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রসারে নবনির্মিত ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) গড়ে তোলা হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান এক রকম নয়। বর্তমান সরকার সকল প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এই সরকার শিক্ষাক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি অর্থাৎ সৃজনশীল, আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুমসহ বিভিন্ন উদ্যোগ সৃস্টি করে শিক্ষার গুণগতমান উন্নয়নের চেষ্টা করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button