বেরোবি ও পল্লীশ্রী’র মধ্যে সমঝোতা চুক্তি

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী, দিনাজপুর-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন গবেষণাকর্ম পরিচালনা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালার আয়োজন, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা, শিক্ষা বিষয়ক তথ্যাদি ও গবেষক আদান-প্রদান করবে বলে বিশ^বিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এবং পল্লীশ্রী, দিনাজপুর-এর পক্ষে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ সেলিম রেজা চুক্তিতে সই করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান এর সঞ্চালনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক এবং বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন জনাব ফেরদৌস রহমান, বিভাগীয় প্রধানগণ, অক্সফাম জিবি এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাপস রঞ্জন চক্রবর্তী, পল্লীশ্রী ডিমলা ইউনিটের প্রকল্প সমন্বয়ক পুরান চন্দ্র বর্মণ এবং সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায় প্রমুখ।
উল্লেখ্য, বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও যোগদানের পর এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিতীয় চুক্তি স্বাক্ষর। এর আগে গত ৮ জুলাই ২০১৭ তারিখে কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।




