বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ব্যাংক বুথে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অস্থায়ী ব্যাংক বুথে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী ব্যাংক শাখা না থাকায় ক্যাফেটেরিয়ার অস্থায়ী ব্যাংক বুথটিতে সব সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হয়। দুপুরে লাইনে না দাঁড়িয়েই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কিছু শিক্ষার্থী লাইনের পাশ থেকে টাকা জমা দিচ্ছিল। এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বাধা দেয়। এতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহত হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কবিরুল ইসলাম কাকন, দিপু এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শামীম ও রোহান। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্মরত ডাক্তার অলক কুমার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম বলেন, ব্যাংক বুথে টাকা জমা দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পূর্বপশ্চিম




