বেরোবিতে ‘জেন্ডার কলোক্যুইয়াম’ শীর্ষক সেমিনার

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘জেন্ডার কলোক্যুইয়াম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সেমিনারটি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতেই সকল বিভাগে ‘কলোক্যুইয়াম’ এর আয়োজন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ করতেই এ ধরণের আয়োজন করা হচ্ছে’।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব নীলুফার বেগম। বক্তৃতায় তিনি বলেন, ‘নারী-পুরুষের বৈষম্য থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে নারীকে সমদৃষ্টিতে দেখা।’ তিনি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘বেগম রোকেয়া বৃত্তি’ চালু করার কথা বলেছেন।
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর।




