বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সংবাদদাতা, গাজীপুর : লকডাউন ভেঙে রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক তৈরির কারখানা শ্রমিকরা।
গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ও ভোগড়া বাইপাস এলাকার ইস্ট ওয়েস্ট গ্রুপ ও নিউওয়ে ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দুই মাসের বেতন না পেয়ে সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন।
নিউওয়ে ফ্যাশন লিমিটেডের নিটিং অপারেটর শাহিনা বেগম বলেন, তার দুই মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। কারখানা কর্তৃপক্ষ দেই দিচ্ছি করে ঘুরাচ্ছে। এখন আমাদের ঘরে খাবার নেই। বাড়ি ভাড়া ও দোকানে বাকি পড়ে আছে। পাওনাদারদের জন্য বাসা থেকে বের হতে পারছি না। এর মধ্যে গাজীপুর লকডাউন করা হয়েছে। এখন আমাদের না খেয়ে মরার উপক্রম হয়েছে।
তিনি জানান, সরকার যে ত্রাণ সহায়তা দিচ্ছে তা কেবল যারা স্থানীয়রা ও গাজীপুরের যারা ভোটার তারা পাচ্ছেন। অন্যরা কোনো ত্রাণ পাচ্ছে না। তাই এখন বেতন না পেলে সন্তানদের নিয়ে তাদের না খেয়ে মরতে হবে। যানবাহন বন্ধ থাকায় সন্তানদের গ্রামের বাড়িতেও রেখে আসতে পারছেন না বলে জানান তিনি।
এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। টানা একঘণ্টা মহাসড়ক অবরোধ থাকার পর মালিকপক্ষ ১৬ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, দুই মাসের বেতনের দাবিতে কয়েকটি কারখানর শ্রমিকরা সকালে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ১৬ এপ্রিল বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।




