sliderস্থানিয়

বেগমগন্জে ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার নিহতের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে, শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার এলাকায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই সময় আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে একই দিন সন্ধ্যায় বাড়ির পাশে একটি দোকানে তাকে মারধর করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় আবারও বাড়ির পাশে রুগুরামপুর গ্রামে তার ওপর হামলা চালানো হয়। এ সময় বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমর (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বড় ভাই আকিল হোসেন জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাধা দিলে প্রাহিম (২১) ও সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফসহ উমায়ের ও ওমরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। তিনি অভিযোগ করে আরও বলেন, ঘটনার পরও হামলাকারীরা ক্ষান্ত হয়নি। তারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সৌদি আরব প্রবাসী চাচাতো ভাই শেখ সম্রাট হোসেন সজীবকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দিচ্ছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button