
ভারতীয় ইসলামিক স্কলার জাকির নায়েক স্কাইপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বৃহস্পতিবার। এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরব থেকে চলতি সপ্তাহে ভারতের মুম্বাইয়ে ফেরার কথা ছিল নায়েকের। বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ারও কথা ছিল তাঁর। তবে এর পরিবর্তে আগামীকাল মদিনা থেকে স্কাইপের মাধ্যমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
জাকির নায়েকের মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আগামীকালের সংবাদ সম্মেলনে জাকির নায়েকের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি থাকবেন। তাঁদের মধ্যে বলিউড তারকা, আইনজীবী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা রয়েছেন।
এর আগে জাকিরের মুখপাত্র জানিয়েছিলেন, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে ভারতে ফিরছেন না তিনি। মদিনা থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় একটি সম্মেলনে যোগ দেবেন।




