বৃষ্টিতে ভেসে গেল নারী দলের প্রস্তুতি ম্যাচ
অস্ট্রেলিয়ায় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি ম্যাচ।
ব্রিসবেনের অ্যালান বোর্ডান ফিল্ডে হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দল ও থাইল্যান্ড নারী দলের মধ্যকার ম্যাচটি। কিন্তু বেরসিক বৃষ্টি টাইগ্রেসদের প্রস্তুতির সুযোগটা কেড়ে নিল। ম্যাচটির টস পর্যন্ত হয়নি।
একই ভেন্যুতে সালমা খাতুনদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ পাকিস্তান।
টুর্নামেন্টের মূল পর্বে দুই গ্রুপে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ২৪ ফেব্রুয়ারি মূল পর্বের লড়াই শুরু হবে বাংলাদেশের মেয়েদের। নিজেদের প্রথম ম্যাচে পার্থে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।
দ্বিতীয় ম্যাচে ২৬ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী দুইটি ম্যাচই হবে মেলবোর্নে, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, পান্না ঘোষ,জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।




