খেলা

বিসিবি’র দুই স্তরের নতুন নির্বাচক কমিটি ঘোষণা

দুই স্তরের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এতে তিন সদস্যের নির্বাচক কমিটির পাশাপাশি থাকছে ছয় সদস্যের একটি নির্বাচক প্যানেল। রোববার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রথমবারের মতো নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন কোচ এবং ম্যানেজার। বেশ কয়েকদিন ধরেই বিসিবির নির্বাচক কমিটি নিয়ে গুঞ্জন চলছি। নতুন কয়েকজন সদস্য নির্বাচক কমিটিতে আসতে পারে বলে শোনা যাচ্ছিল। আজ বিসিবি সভাপতি নতুন এই পরিকল্পনার বিস্তারিত জানান সংবাদমাধ্যমকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে কোচ, অধিনায়ক এবং বোর্ড পরিচালকদের সঙ্গে এক সভার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বোর্ড প্রধান।

নতুন এই নির্বাচক বোর্ড সম্পর্কে তিনি বলেন, ‘সিলেকশন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সিলেকশন প্যানেলের সঙ্গে আরেকটা কমিটি থাকবে, যেটাকে আমরা নাম দিয়েছি সিলেকশন কমিটি।’ প্যানেলের ভিন্নতা ব্যাখ্যা করতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সিলেকশন প্যানেলে প্রধান নির্বাচকসহ তিনজন নির্বাচক থাকবেন। তারা দল নির্বাচন করবেন। আর সিলেকশন কমিটিতে তিন নির্বাচকসহ থাকবেন প্রধান কোচ এবং টিম ম্যানেজার ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।’

নির্বাচক কমিটিতে জাতীয় দলের প্রধান কোচের কি ভূমিকা থাকবে তা নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘প্রধান কোচ যে কোনো সিরিজের আগেই একটা রিপোর্ট দেবেন। কৌশলগত কারণে তার কোন ধরনের খেলোয়াড় দরকার সেটা জানাবেন। কোনো দলের বিপক্ষে বেশি পেসার দরকার, আবার কোনো দলের বিপক্ষে বেশি স্পিনার চাইতে পারেন। এই জন্য এই কমিটিতে তাকে রাখা হচ্ছে।’

জাতীয় দলে ম্যানেজারের কাজ মূলত শৃঙ্খলা ও লজিস্টিকসহ এই ধরনের ব্যাপারগুলো দেখে। ক্রিকেটে তাদের সরাসরি ভূমিকা থাকে না। হঠাৎ কেন ম্যানেজারকে নির্বাচক কমিটিতে আনার প্রয়োজনীয়তা দেখা দিল। এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘ম্যানেজারের দায়িত্ব হচ্ছে, অধিনায়ক, সহ-অধিনায়ক যারা আছে তাদের মতামত, ওদের চিন্তাধারা উপস্থাপন করা। ওই অনুযায়ী তারা তাদের নির্বাচনের কাজ শুরু করবেন এবং চূড়ান্ত করার আগে আবার তারা বসবেন। এখানে দ্বি-মত থাকার কোনো সুযোগ নেই। তবে এই নির্বাচক কমিটির কনভেনর হিসেবে থাকবেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button