বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় এক নম্বরে রয়েছে ঢাকা। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে এই প্রতিবেদন লেখার সময়েও দূষণে সবার চেয়ে এগিয়ে রয়েছে শহরটি।
ঢাকার দূষণ কতটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, সেটি তুলে ধরেছে বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়াল।
যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, রোববার সকাল পৌনে ৯টায় ঢাকার বায়ু দূষণের পরিমাণ ছিল ২৩৭ পিএম। ২৩৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাটোর। ১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের কাবুল তৃতীয়, ১৯১ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ, ১৮৩ পিএম নিয়ে চীনের চেংদু পঞ্চম এবং ১৮২ পিএম নিয়ে ষষ্ঠ ছিল ভারতের দিল্লি।
তবে ঢাকাকে প্রথম স্থান বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি মঙ্গলিয়ার উলানবাটোর। ২৪০ পিএম দূষণ নিয়ে ৮টা ৫০ মিনিটে সে শীর্ষ দূষণের শহরে চলে আসে। তখন ঢাকা হয়ে যায় দ্বিতীয়। যদিও সকাল সাড়ে ৮টা থেকে দ্বিতীয় স্থানেই ছিল ঢাকা।
দুপুরে ঢাকার বায়ু দূষণের মাত্রা ছিল ১৯০ পিএম। এরপরে চলে আসে চীনের চেংদু ও উহান। চার নম্বরে ছিল ভারতের নয়াদিল্লি। আর উলানবাটোর ১১ নম্বরে।
তবে প্রথম ১০টি শহরের মধ্যে চীনের চারটি ও ভারতে তিনটি রয়েছে। দূষণের শহরের মধ্যে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কলকাতা রয়েছে পাঁচ নম্বরে।
২৩৭ পিএম বায়ুদূষণ খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের বিভিন্ন দেশ এরকম পরিস্থিতিতে নানা ধরনের সতর্কতা জারি করে। কিন্তু বাংলাদেশ পরিবেশ অধিদফতরের ওয়েবসাইটে এ ধরনের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
পূর্বপশ্চিম



