sliderস্থানিয়

বিশ্বম্ভরপুরে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা

আমির হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

রোববার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নতুন পাড়া আরামবাগ আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস সালাম ঠিকাদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ঘরের বাইরে তালা লাগিয়ে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়, যা ছিল ভয়াবহ ও প্রাণনাশের উদ্দেশ্য প্রণোদিত।

ঘটনার সময় ঘরে অবস্থান করছিলেন আব্দুস সালামের স্ত্রী-সন্তানসহ পার্শ্ববর্তী ভাড়াটিয়া মানিক মিয়া ও তার পরিবারের সদস্যরা। স্থানীয়দের আত্মচিৎকারে তারা কোনোরকমে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের মূল্যবান আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের প্রতিনিধি চান মিয়া জানান,“সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। রাস্তা সরু ও পানির সংকট থাকলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

ভুক্তভোগী আব্দুস সালাম ঠিকাদার বলেন, “রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা মেরে আগুন ধরিয়ে দেয়। এতে আমার আধাপাকা একটি ঘর, আসবাবপত্র, একটি মোটরসাইকেল, নগদ প্রায় ৮ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। আমার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীরাই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।”

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান,“ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি আধাপাকা ঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button