অর্থনৈতিক সংবাদশিরোনাম
বিশ্বব্যাংক বাংলাদেশকে ২০০ কোটি ডলারের সহায়তা দেবে

আগামী তিন বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে ২০০ কোটি ডলারের সহায়তা দেবে বলে জানিয়েছেন ঢাকা সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এটি তার ব্যক্তিগত প্রতিশ্রুতি বলে জানান তিনি।
জলবায়ু ঝুঁকি মোকাবিলা সংক্রান্ত প্রকল্পে এই টাকা বাংলাদেশকে দেয়া হবে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় আগারগাঁওস্থ বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে উল্লেখ করে জিম ইয়ং কিম বলেন, ক্রমবর্ধমান এ ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে শিশুদের অপুষ্টি দূরীকরণ প্রকল্পে বর্তমানের চেয়ে ১০০ কোটি ডলার বেশি বাজেট দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে ওই সাহায্যও আগামী তিন বছরে ধাপে ধাপে দেয়া হবে।




