বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঢাকায়

দুই দিনের সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকায় পৌঁছেছেন। রোববার বিকেলে একটি বিমান তাকে নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ সফলতার সঙ্গে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হওয়ায় এর অগ্রগতি সরাসরি দেখার জন্যই বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা আগমন। এছাড়া সফরের মাঝখানে দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে জিম ইয়ং কিম যোগ দেবেন বলে জানা গেছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, দরিদ্রতা নিরসনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, যা বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য দেশের কাছে একটি আদর্শ হিসেবে গড়ে তোলেছে। গত দুই দশকে বাংলাদেশের এই সাফল্য জিম ইয়ং কিম অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করতে চান।
দুই দিনের এই সফরে কিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দুটি বৈঠক করবেন। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথেও তিনি একটি বৈঠকে মিলিত হবেন।
কিমের এই সফর উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, তার এই সফরের মাধ্যমে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন এক দিগন্তে পৌঁছাবে। আমরা সব সময়ই সহজ শর্তে বিশ্বব্যাংকের সহায়তা পেয়েছি। এ সময় অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের কাছ থেকে ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের নতুন প্রতিশ্রুতি পাওয়ার আশা ব্যক্ত করেন।




