sliderস্থানিয়

বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা পরিকল্পনা: সভাপতি প্রার্থীসহ গ্রেফতার ৫

সোহেল রানা,সাভর: ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সরকার বিরোধী তৎপরতা, আতঙ্ক সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে সিটি ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থীসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে, যাদের গ্রেফতারে অভিযান চলছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সাভার থানাধীন সিটি ইউনিভার্সিটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এর আগে রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে কর্মসূচি পালন করা হয়। এরপর গ্রেফতারকৃত নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। তাদের এই তৎপরতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন জানান, ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সিটি ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থী তানভীর আহমেদ (২৩)। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার কৃষ্ণপুর দুবরাজপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

এছাড়া গ্রেফতার হওয়া অন্যরা হলেন-আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অমিত বিশ্বাস (২২), তিনি কক্সবাজার সদর থানার গোনারপাড়া গ্রামের দীপক বিশ্বাসের ছেলে, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পার্থ হালদার (২১), তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ধোয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে, কৃষি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম ইসলাম (২২), তিনি ভোলা জেলার দৌলতখান থানার কাজিরহাট লেজপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং কৃষি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান (২২), তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার বোয়ালমারী গ্রামের রবিউল করিমের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত আরও দুইজন- টাঙ্গাইল জেলার বাসিন্দা ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেবাশীষ (২২) এবং একই জেলার বাসিন্দা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজ (২৩) পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতকসহ সাতজনই সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের আবাসিক শিক্ষার্থী এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় নাশকতা কার্যক্রম পরিচালনার জন্য গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button