বিরাট-অনুষ্কা এখন ‘জাস্ট ম্যারেড’

নাহ্, আর কোনও জল্পনা নয়। বাস্তবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিরাট-অনুষ্কা। রোববার ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি হয়ে উঠলেন অনুষ্কা শর্মা। বলা ভালো অনুষ্কা কোহলি হয়ে গেলেন তিনি। সকলের নজরের আড়ালে অত্যন্ত গোপনে শুভ কাজটা সেরে ফেললেন তারা।
ইতালির টাস্কানির আঙুর ক্ষেতের মধ্যে ছবির মতো সুন্দর রিসর্টেই শেষ হলো বিরুষ্কার বিয়ে। অনুষ্কার ইচ্ছাতেই সেই রিসর্টে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। ইতালি এলেই কাজের বিরতিতে দুজন পরস্পরের সঙ্গে এখানেই সময় কাটাতেন। তাই এই শান্ত পরিবেশকেই বেছে নিয়েছিলেন বিয়ের জন্য। ডিজাইনার সব্যসাচী চক্রবর্তীর তৈরি লেহেঙ্গা পরেই বিয়ের আসরে বসেন বলি অভিনেত্রী। পাঞ্জাবি মতেই বিবাহ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব।
রিসর্টে ২২টি ঘর। তাই শোনা গিয়েছিল, ৪৪জনই সেখানে হাজির থাকবেন। কিন্তু শচীন-যুবরাজ-আমির খানরা বিয়েতে উপস্থিত ছিলেন কিনা, এ খবরও সামনে আসেনি। কড়া নিরাপত্তার মধ্যেই চার হাত এক হলো তাদের। রিসর্টের ধারে কাছে যাতে কোনো মিডিয়া আসতে না পারে, সে বিষয়েও সদা সতর্ক ছিলেন নিরাপত্তারক্ষীরা। বিয়ে অথবা রিসর্টের ভিতরের কোনো ছবি পর্যন্ত ফাঁস হতে দেননি কেউ। তবে এত রাখঢাক করেও বিয়ে যে হচ্ছে, সে খবর চাপা রাখতে পারলেন না এই সেলিব্রিটি জুটি।
একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে প্রথমবার কাছাকাছি এসেছিলেন খেলা ও বিনোদুনিয়ার এই দুই তারকা। তারপর ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের সবচেয়ে চর্চিত কাপল। মাঝে আবার তাদের ব্রেক-আপের গুজবও ছড়িয়েছিল। কিন্তু বাহ্যিক সমালোচনায় ভালোবাসায় টান পড়েনি কখনও। শেষমেশ নিজের প্রেমকাহিনির কথা অকপটে স্বীকারও করে নেন বিরাট। এমনকী বদমেজাজি, আগ্রাসী কোহলিকে পরিণত কোহলিতে পালটে দেয়ার কৃতিত্বও অনুষ্কাকেই দিয়েছিলেন তিনি।
সেই দীর্ঘদিনের প্রেম অবশেষে বদলে গেল পরিণয়ে। তবে তারা যে জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন, এখবর খুব কম মানুষই জানতেন। পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ের কথা জানিয়েছিলেন অনুষ্কা। আর সম্প্রতি জ্যাকলিন ফার্নান্ডেজের একটি সাক্ষাৎকারের বোঝা গেল, বিরুষ্কার খবর জানতেন তিনিও। তবে এবার গোটা বিশ্বের কাছেই স্পষ্ট হয়ে গেল, যে বিয়ের জন্যই ইতালি পাড়ি দিয়েছিল দুই পরিবার।




