বিরল রোগে আক্রান্ত অভিনেতা ইরফান খান

বেশ কিছুদিন ধরেই শুটিং বন্ধ রেখেছেন ইরফান খান। ক’দিন আগেই জন্ডিস হয়েছে বলে শুটিং বাতিল করেছেন তিনি। কিন্তু, সোমবার বিকেলে ইরফান খানের একটি টুইট ঘিরে তৈরি হয়েছে রহস্য। অভিনেতা নিজেই জানিয়েছেন তিনি ‘বিরল রোগ’-এ আক্রান্ত হয়েছেন। তিনি যে জন্ডিসে আক্রান্ত নন তার টুইটেই সেকথার প্রমাণ মিলছে।
ইরফান খান লিখেছেন, ‘এক এক সময় জীবন অপ্রত্যাশিত ঝটকা দিয়ে আপনাকে জাগিয়ে তোলে। গত ১৫ দিন ধরে আমি জীবন একটা রহস্যের মতো মনে হচ্ছে। বিরল গল্পের খোঁজে গিয়ে আমি যে নিজেই বিরল রোগে আক্রান্ত হব, তা কখনো ভাবতেও পারিনি। যদিও আমি হাল ছাড়ছি না। আগের মতোই নিজের পছন্দের জন্য লড়াই করে যাব।’ এই সময়ে তার পরিবার ও বন্ধুরা পাশে রয়েছেন।
আগামী এপ্রিলেই ইরফানের একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। কীর্তি কুলহারির সঙ্গে পরিচালক অভিনয় দেও-এর ‘ব্ল্যাকমেল’ ছবিতে অভিনয় করেছেন ইরফান। শুটিং সেটে ইরফান। সম্প্রতি ছবিটি নিজেই শেয়ার করেছেন টুইটারে।
মিড-ডে’কে একটি সাক্ষাত্কারে অভিনব জানিয়েছেন, এত দিন শুটিং চলাকালীন কোনও ভাবেই ইরফানকে কখনও অসুস্থ মনে হয়নি। তিনি বলেছেন, ‘চিকিত্সকরা নিশ্চয়ই তাঁদের সেরাটা দিচ্ছেন। টুইট দেখেও আমি ইরফানকে ফোন করিনি। কারণ আমার মনে হয় তার এখন পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন।’
ইরফান নিজেও টুইটে স্পষ্ট আবেদন করেছেন, তার অসুস্থতা নিয়ে কোনও প্রকার জল্পনা না করার। আগামী ক’দিনের মধ্যে নিজেই সবটা জানাবেন বলে লিখেছেন অভিনেতা।
উল্লেখ্য, সম্প্রতি মোস্তফা সারোয়ার ফারুকীর পরিচনালনায় ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করেন।




