
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের প্রথম হজ-ফ্লাইট আগামী ২৪ জুলাই সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে।
ওই দিন বিমান বাংলাদেশ এয়ার লাইন্স (বিজি-১০১১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ সময় বিমান বন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের বিদায় জানাবেন।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স (কর্তৃপক্ষ) ইতোমধ্যে নির্বিঘ্নে হজ-ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
আগামী ২২ জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আশকোনায় হজ্জ-ক্যাম্পে এবারের হজ্জ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।
চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত ফ্লাইটেও কিছু হজ-যাত্রী পবিত্র ভূমিতে যাবেন।
সূত্র : বাসস




