শিক্ষা

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে জাবি উপাচার্যের কাছে স্মারকলিপি

সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। একইসঙ্গে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত লাইটিংয়ের দাবিও জানিয়েছে ছাত্র সংগঠনগুলোর এই জোট।
সোমবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে প্রগতিশীল ছাত্রজোটের একটি প্রতিনিধি দল এসব দাবিতে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, নতুন জ্ঞান, নতুন চিন্তা, নতুন দর্শন তৈরির কারখানা বিশ্ববিদ্যালয়। ফলে বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক জ্ঞান চর্চার পরিবেশ জারি রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকা জরুরি। বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং গবেষণাগারগুলো বিদ্যুৎ না থাকলে চালু রাখা সম্ভব না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সচল রাখতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আবশ্যক।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় আলোর স্বল্পতা থাকায় শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে উল্লেখ করে স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। এসব বিষয়ে জরুভিত্তিতে প্রশাসনের নজর দেওয়া উচিত।
এ সময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তাদের বলেন, বিষয় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। ক্যাম্পাসে লাইটিংয়ের বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাট নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া বেশ কিছুদিন ধরে সমাজবিজ্ঞান অনুষদ থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও সমাজবিজ্ঞান অনুষদ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রাস্তাসহ গুরুত্বপূর্ণ অনেক রাস্তাতেই বাতি না থাকায় শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। এসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও এসব সমস্যার কোনো সমাধান হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button