বিদ্যুৎ বাঁচাতে দিনে বৈঠক করুন : খালেদাকে জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদ্যুৎ বাঁচাতে রাতের বদলে দিনে বৈঠক করতে পরামর্শ দিয়েছেন।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তিনি বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র: কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার আলো প্রয়োজন। রাতে মিটিং করে বিদ্যুৎ অপচয় করা ঠিক নয়। রাতের মিটিং বিদ্যুৎ রক্ষার স্বার্থে দিনের বেলা অথবা বিকেল বেলা করা উচিত।’ জাফরুল্লাহ চৌধুরীর পাশেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করারও পরামর্শ দেন তিনি।
বিএনপি চেয়ারপারসন সাধারণত রাতের বেলা স্থায়ী কমিটির মিটিং আহ্বান করে থাকেন। বেগম জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়েও যান রাত আটটার দিকে।



