বিক্ষোভে অংশ নিয়ে নিউইয়র্ক সিটি মেয়রের মেয়ে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ নাগরিক নির্মমভাবে নিহত হওয়ার ঘটনার বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয়েছে নিউইয়র্ক সিটির মেয়রের মেয়েকে।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শনিবার রাতে বিক্ষোভে অংশ নেয়ায় মেয়র বিল দে ব্লাসিউর মেয়ে চিয়ারা দে ব্লাসিউকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়।
জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুতে পুরো যখন যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে, এমন মুহূর্তে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
পুলিশের অভিযোগ, বেআইনিভাবে ঢাকা বিক্ষোভে অংশ নিয়েছিলেন চিয়ারা দে ব্লাসিউ।
এদিন মেয়র বিল দে ব্লাসিউকেও বিক্ষোভ নিয়ে বক্তব্য রাখতে দেখা গেছে। টুইটারে তিনি জানান, কাঠামোগত বর্ণবাদ ভিন্ন রঙের মানুষের জীবনকে আক্রমণ করছে। দশকের পর দশক ধরে এই অবিচার আমরা দেখে আসছি। প্রতিদিন কৃষ্ণাঙ্গরা বর্ণবাদের শিকার হচ্ছে।
এদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ৪০টি মার্কিন শহরে কারফিউ জারি করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কারফিউ ভঙ্গ করা হয়েছে যা ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলপিয়া ও লস এঞ্জেলসে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও মরিচের গুড়ো নিক্ষেপ করেছে।
গত সোমবার মিনেয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক ফ্লয়েড।
এই ঘটনায় ৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে অভিযুক্ত করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে তোলার কথা রয়েছে।
অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে রয়েছেন চউভিন। সেসময় ফ্লয়েড বারবারই বলছিলেন যে, তিনি নিঃশ্বাস নিতে পারছেন না।
ওই সময়ে উপস্থিত থাকা আরো তিন পুলিশ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।




