বিএনপি লাঠি মিছিল করলে, আমরা তসবি নিয়ে নিয়ে মাঠে নামবো না। – মীর্জা আজম এম.পি

আব্দুর রাজ্জাক,ঘিওর, মানিকগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এম.পি বলেছেন, আওয়ামীলীগকে পরাস্ত করে এমন কোন রাজনৈতিক দল, এমন কোন শক্তি বাংলাদেশে নাই। তাই আমাদের রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়েই আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মীর্জা আজম তার বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে থাকে। আওয়ামীলীগ বটগাছের মতো দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে ছায়া দিচ্ছে। অথচ খুনি জিয়ার ছেলে, পাকিস্তানের দালাল তারেক লন্ডনে বসে বাংলাদেশ ধ্বংসের নীল নকশা তৈরি করছে।
এসময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে আর কোনদিন লাঠি মিছিল করার চিন্তা ভাবনা করবেন না। আপনারা লাঠি নিয়ে বের হলে, আওয়ামীলীগ নেতা কর্মীরা কিন্তু তসবি নিয়ে মাঠে নামবে না। আপনাদের লাঠির জবাব আমরা লাঠি দিয়েই দেবো, তখন কিন্তু পালাবার কোন পথ পাবেন না।
উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলন শুরু হয়। দীর্ঘ ৮ বছর পর ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।
সম্মেলনের উদ্বোধক ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহাবুদ্দিন ফরাজী তার বক্তব্যে বলেন, যদি শেখ হাসিনা সরকার না থাকে, তাহলে প্রথম রাতেই কমপক্ষে ৩ লক্ষ আওয়ামী নেতা কর্মী হত্যার শিকার হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ ১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জনি প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু।
সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশনে আব্দুল আলিম মিন্টু সভাপতি ও হামিদুর রহমান আলাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি মীর্জা আজম এম.পি।
সম্মেলনে জেলা-উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




