
পতাকা ডেস্ক : বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে জনসভা চলছে। জনসভা শুরুর আগেই জনসমুদ্রে পরিণত হয়ে যায় নয়াপল্টনের সমাবেশস্থল। ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল এবং এর আশেপাশের অলি-গলিতেও লোকে লোকারণ্য হয়ে গেছে।
শনিবার দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় বিএনপির এই জনসভা। সভা শুরু হওয়ার আগেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক কানায় কানায় পূর্ণ হওয়ায় নেতাকর্মীদের নয়াপল্টনের পূর্বদিক ফকিরাপুল মোড় ছেড়েও অবস্থান নিতে দেখা গেছে।
অপরদিকে পশ্চিমপাশের নাইটেঙ্গেল মোড় ছেড়েও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। শুধু ফকিরাপুল-নাইটেঙ্গেল নয় আশেপাশের অলি-গলিতেও রয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

এখন বক্তব্য রাখছেন দলের শীর্ষ নেতারা। আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে সমাবেশে অংশ নিতে বেলা ১১টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড ভাবে জড়ো হয়ে দলের প্রধান কার্যালয়ের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। বেলা ১২টার মধ্যে নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে।




