
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের আরিচা নদী বন্দরের আওতাধীন ফোরশোর ভূমিতে পাটুরিয়া ফেরিঘাট এলাকার ১নং ও ২নং ঘাট দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বালু ও মাটির ব্যবসা। অবৈধ এই বালু ব্যবসার কারণে দীর্ঘ ২৩ বছর ধরে বন্ধ রয়েছে ঘাটের গুরুত্বপূর্ণ দুইটি ফেরিঘাট। তবে এ অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ।
জানা যায়, যমুনা সেতু চালু হওয়ার পর ২০০২ সালে ফেরিঘাট আরিচা থেকে পাটুরিয়ায় স্থানান্তর করা হয়। তখন পাটুরিয়া ঘাটে গাড়ির অতিরিক্ত চাপ থাকার কারণে তৎকালীন সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত পাটুরিয়া এলাকায় পাঁচটি ঘাট তৈরি করে। তখন থেকেই ব্যস্ততম এলাকায় পরিণত হয় ঘাট এলাকা। গড়ে ওঠে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সেইসময় ওই এলাকার কিছু প্রভাবশালী মহল একটি শক্তিশালী চক্র তৈরি করে। সেই চক্রের মাধ্যমে ফোরশোর ভূমিতে অবৈধভাবে গড়ে তোলে বালু ও মাটির ব্যবসা। পদ্মা ও যমুনা নদী থেকে কোটি কোটি ঘনফুট বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এসব বালু ব্যবসায়ীদের দখলের কারণে বছরের পর বছর ধরে ওই দুইটি ফেরি ঘাট দিয়ে চলাচল করতে পারছে না কোনো যানবাহন।




