বান্দরবানে উদযাপিত হচ্ছে জাতীয় শোক দিবস

ইলিয়াছ সানি, বান্দরবান প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করা হচ্ছে।
রবিবার (১৫আগস্ট) সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও আওয়ামী লীগ এর দলীয় নেতাকর্মীরা।
পরে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এরপরে সারিবদ্ধভাবে যথাক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার, জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোরআনখানি,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে দিবসটি উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ আলোচনা সভা এবং নানান কর্মসূচি উদযাপন করছে জেলা আওয়ামী লীগ ও প্রশাসন।




