
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজাকে ৩০০-নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রদানের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আলীকদম উপজেলা বাজারে বিএনপির ব্যানারে কয়েক হাজার পাহাড়ি–বাঙালি মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
আলীকদম প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন পেশার সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মোহাম্মদ ইউনুচ প্রমুখ।
বক্তব্যে জুলফিকার আলী ভুট্টো বলেন, পার্বত্য চট্টগ্রাম বান্দরবান হলো পিছিয়ে পড়া একটি অঞ্চল। এ অঞ্চলের তৃণমূলে গিয়ে মানুষের পাশে সবসময় থেকেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। মনোনয়ন বঞ্চিত হলেও তিনি নেতাকর্মীদের ছেড়ে যাননি। দল ও পাহাড়ের উন্নয়নের স্বার্থে আমরা সবাই আজ রাস্তায় নেমেছি তার মনোনয়নের দাবিতে।
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, পাহাড়ে পাহাড়ি, বাঙালি বিভেদ সৃষ্টিকারী কাউকে তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না। আমরা এমন একজন গ্রহণযোগ্য, তরুণ, অসাম্প্রদায়িক নেতাকে প্রার্থী হিসেবে দেখতে চাই, যিনি সবার কাছে সমান গ্রহণযোগ্য, তিনি মো. জাবেদ রেজা।
বিএনপি হাই কমান্ডের প্রতি বক্তারা অনুরোধ জানান, তৃণমূলে জনপ্রিয় নেতা জাবেদ রেজাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে পুনর্বিবেচনার মাধ্যমে পার্বত্য জনপদের প্রত্যাশা পূরণ করার জন্য।




