বিনোদন

বানসালির পরবর্তী ছবিতেও দীপিকা

সেই ২০১৩ সালে ‘গলিও কি রাসলীলা রামলীলা’ দিয়ে শুরু। এরপর ‘বাজিরাও মাস্তানি’, আর এখন ‘পদ্মাবতী’। সঞ্জয় লীলা বানসালি আর দীপিকার জয়রথ যেন থামতেই চাইছে না। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, এই জয়রথ ‘পদ্মাবতী’র পরেও থামার কোনো সম্ভাবনা নেই। এর কারণ বানসালির পরবর্তী ছবিতেও চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন দীপিকা। তবে ছবিটি পরিচালনা করছেন না বানসালি। তাঁকে দেখা যাবে প্রযোজক হিসেবে।
দ্য কুইন্টের প্রতিবেদনে প্রকাশ, বিখ্যাত কবি ও গীতিকার সাহির লুধিয়ানভি (আবদুল হাই)-এর জীবনীনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। তাঁকে দেখা যাবে নারী কবি অমৃতা প্রীতমের চরিত্রে। আর এ ছবিতেই প্রযোজক হিসেবে থাকছেন বানসালি। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন জাসমিত রিন।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিষেক বচ্চন। পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে নতুন ছবির প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন তিনি। এ ছাড়া চরিত্রটির জন্য ১২ কেজি ওজন কমিয়েছেন অভিষেক। ছোটবেলা থেকেই সাহিরের গান এবং কবিতার সঙ্গে পরিচয় রয়েছে বচ্চন পরিবারের। যশ চোপড়ার ‘কাভি কাভি’ চলচ্চিত্রে সাহিরের লেখা ‘ম্যায় পেয়ার দো পাল কা শায়ার হু’ ও ‘কাভি কাভি মেরে দিলমে’র মতো গানে ঠোঁট মিলিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন।
এই নিয়ে তৃতীয়বারের মতো আত্মজীবনীমূলক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অভিষেক। ‘গুরু’ ছবিতে ধিরুবাই আম্বানির চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম আত্মজীবনীমূলক চলচ্চিত্রে নাম লেখান অভিষেক। আত্মজীবনীমূলক তাঁর দ্বিতীয় চলচ্চিত্রটির নাম ছিল, ‘খেলে হাম জি জান সে’। সেখানে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম সংগ্রামী মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button