Uncategorized

বাউফলে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ২ ভাই আহত

পটুয়াখালীর বাউফলে শনিবার রাতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মো: রেদোয়ান সিকদার (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার ছোট দুই ভাই আবদুল্লাহ সিকদার (১৬) ও মো: ফয়সালকে (১২) কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত রেদোয়ান কালিশুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের দাবি, কাপড় রোদে দেয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আলম খানের ছেলে মো: ইমরানের (১৭) নেতৃত্বে ওই ঘটনা ঘটানো হয়।
নিহতের এক স্বজনের দাবি, শনিবার দিবাগত রাতে ওরা তিন ভাই এক সাথে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে ইমরান ঘরে ঢুকে রেদোয়ানকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ওই সময় তার সাথে ঘুমিয়ে থাকা ছোট দুই ভাই আবদুল্লাহ ও ফয়সাল চিৎকার করলে তাদেরও কুপিয়ে আহত করে।
পরে স্থানীয় বাসিন্দারা আহত তিন ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন। আবদুল্লাহ ও ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের খুব অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button