
মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়া শুরু হয়েছে। ‘এক্সারসাইজ কো-অপারেশন এফ্লট রেডিনেস এন্ড ট্রেনিং -২০১৬’ (কারাত) নামের এই যৌথ মহড়া পাঁচ দিন চলবে।
মঙ্গলবার বাংলাদেশ নৌ বাহিনীর কমান্ডার বিএন ফ্লিট কমডোর শেখ আরিফ মাহমুদ এই যৌথ মহড়ার উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএস নৌবাহিনীর ডেস্ট্রয়ার স্কোয়াড্রন-৭ এর কমান্ডার ক্যাপ্টেন এইচ বি লি উপস্থিত ছিলেন।
এই নিয়ে ষষ্ঠবারের মত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এ রকম যৌথ মহড়ায় অংশগ্রহণ করছে বলে জানিয়েছে সরকারী বার্তা সংস্থা বাসস।
এবারের মহড়ায় দুই দেশের নৌ বাহিনী বিভিন্ন ধরণের অপারেশন সম্পর্কে তাদের অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সাথে পরিচিতি লাভ করবে। এছাড়া এই মহড়ায় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ওপরও জোর দেয়া হবে বলে জানা গেছে।
কমান্ডার বিএন ফ্লিটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মহড়ায় বাংলাদেশ থেকে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমডোর সোয়াড্স কমান্ড, কমডোর নেভাল এভিয়েশন ও মনোনীত ব্যক্তিবর্গ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সিটিএফ-৭৩, সিডিএস-৭, ইওডিএমইউ-৫, সি-৭এফসহ মার্কিন দূতাবাসের প্যাকম টিমের মনোনীত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। মহড়া আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।




