প্রবাস

বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্যারিসে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে লেখক ও ফেসবুক অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে মামলা করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কয়েকজন নেতা ফরাসি পুলিশের কাছে এই মামলা করেন।
এদের মধ্যে রয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ ও সহ-সভাপতি মনজুরুল হাসান সেলিম।
প্যারিসের সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম জানিয়েছেন, ‘পিনাকী ভট্টাচার্য বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত। এই তথাকথিত লেখক ফ্রান্সে বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বিভিন্ন অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এইসব অপপ্রচার অব্যাহত রেখেছেন।’
তিনি আরো বলেন, ‘একটি ঘৃণ্য চক্র অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। পিনাকী ভট্টাচার্য এই চক্রের অন্যতম সদস্য। যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি নেতা তারেক রহমান এই চক্রের প্রধান। তাদের পেছনে আছে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা। এই অপপ্রচারের জন্য তারা বিপুল পরিমাণ টাকা ঢালছে। আমরা অভিযোগ দায়ের করেছি এই জন্য যে, এ ধরণের অপপ্রচার আর চলতে দেয়া যায় না। আইনগতভাবেই এটা বন্ধ হওয়া দরকার। ফ্রান্সের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটা আমরা এই দেশের আইনের দৃষ্টিতে এনেছি।’
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button