উপমহাদেশশিরোনাম

বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে মোদি সরকার

করোনাভাইরাসের কারণে বিমান চলাচলে বিধিনিষেধ থাকায় বাংলাদেশে আটকেপড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়া শুরু করেছে ভারত সরকার। প্রথম দফায় ১৭০ শিক্ষার্থীকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী শ্রীনগরের উদ্দেশে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান ছেড়ে গেছে।
আটকা পড়া অন্য ভারতীয়দেরও পর্যায়ক্রমে সরিয়ে নেয়া হবে। প্রথম পর্বের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়ার আরো ছয়টি বিমান ভারতীয় নাগরিকদেরকে আগামী ১২ এবং ১৩ মে শ্রীনগরে, ৯ এবং ১১ মে দিল্লিতে, ১০ মে মুম্বাইয়ে এবং ১৪ মে চেন্নাইয়ে বহন করবে।
শ্রীনগরের উদ্দেশে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইট ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থীদের বহন করা হয়েছে। আটকেপড়া এসব শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং কঠিন এ সময়ে তাদেরকে মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সহযোগিতায় খাদ্য, বাসস্থান, টাকাসহ বিভিন্ন সহায়তা দেয়া হয়েছে।
প্রথম দফায় ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে তাদের সাথে কথা বলেন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। ঈদের আগে তরুণ এসব শিক্ষার্থীরা তাদের বাড়ি যেতে পারবে বলে বিশেষভাবে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। ভারতে পৌঁছে যাওয়ার পর যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন হাই কমিশনার।
আটকেপড়া অবস্থা থেকে উদ্ধারের জন্য শিক্ষার্থীরাও ধন্যবাদ জানায় হাইকমিশনের প্রতি।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দেশজুড়ে লকডাউন থাকায় এ পর্যন্ত ভারতের বিভিন্ন শহরে আটকে পড়া নিজেদের ২ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button