খেলা

বাংলাদেশের মনিকার গোল ফিফার সেরার তালিকায়

 প্রতি সপ্তাহে ফুটবলভক্তদের কাছ থেকে সেরা মুহূর্তের ছবি, ভিডিও বা অন্যান্য পছন্দের কন্টেন্ট চেয়ে থাকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কন্টেন্ট হ্যাশট্যাগের #WeLiveFootball মাধ্যমে ফিফায় পাঠায় ভক্তরা। সেখান থেকে প্রতি সপ্তাহে সেরা পাঁচটি বাছাইকরা কন্টেন্ট নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে ফিফা।

আর এ সপ্তাহে ‘ফ্যানস ফেভারিট’ নামের ফিফার এই ক্যাটাগরিতে সেরা পাঁচ কন্টেন্টের একটি হল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মনিকা চাকমার গোল। তার বাঁ পায়ে করা দুর্দান্ত গোলটি এখন দেশ পেরিয়ে ফিফার ‘ফ্যানস ফেভারিট’-এর সৌজন্যে বিশ্বের কোটি ফুটবল ভক্তের নজরে।

সেরা পাঁচে নির্দিষ্ট র‌্যাংকিং না থাকলেও তৌসিফ আক্কাস নামের এক প্রবাসী বাংলাদেশির পোস্ট করা মনিকার গোলটি ফিফা রেখেছে সবার আগে, সঙ্গে বাংলাদেশি ফুটবলকন্যাকে উল্লেখ করেছে তারা ‘ম্যাজিক্যাল চাকমা’ হিসেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিকার গোলটি পোস্ট করে তৌসিফ ক্যাপশন করেছেন, আগের আক্ষেপ ভুলতে এই সপ্তাহে আমাদের অন্যতম সেরা গোলের চেয়ে ভালো আর কী হতে পারে? মঙ্গোলিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা দলের প্রতিভাবান মনিকা চাকমার এই আকর্ষণীয় ভলি।

গোটা বিশ্বের ফুটবল ভক্তদের পাঠানো ভিডিও ও ছবিকে পেছনে ফেলে মনিকার গোলটি সেরা পাঁচে জায়গা করে নেওয়াটা শুধু এই তরুণীর জন্য নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও অন্যরকম এক অর্জন। ফিফার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মেয়েদের ফুটবলের উন্নতির আওয়াজ পাঠিয়ে দিয়েছেন মনিকা তার বাঁ পায়ের জাদুতে।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা গোল্ডকাপের সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওই ম্যাচের বিরতিতে যাওয়ার ঠিক আগে চোখ কপালে তুলে দেওয়ার মতো এক গোল করেন মনিকা। রাতে জেগে যারা ইউরোপিয়ান ফুটবলের স্বাদ নিয়ে থাকেন, তাদের চোখেও বিস্ময়ের রেণু ছড়িয়েছেন রাঙামাটির এই তরুণী।

ডান প্রান্তে বক্সের ঠিক বাইরে শূন্যে ভাসা বল হেডে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে নিয়ে সামনে ফেললেন, এরপর বল মাটি ছুঁয়ে ওপরে উঠতেই বাঁ পায়ের ভলিতে বক্সের বাইরে থেকে করলেন দেখার মতো এক গোল। মেয়েদের ফুটবল তো বটেই, বাংলাদেশের ফুটবলে এমন গোলের সাক্ষী হওয়ার সুযোগ কম ভক্তেরই হয়েছে।

মনিকা চাকমার চোখ ধাঁধানো সেই গোল:

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button