
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের অমুসলিমদের ভারতে আশ্রয় দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন বদলাতে চায় বিজেপি সরকার। সংসদে পেশ করা এই সংক্রান্ত বিলে বাংলাদেশসহ দেশ তিনটি থেকে ভারতে যাওয়া অমুসলিমরা ১২ বছরের বদলে ৬ বছরের মধ্যেই ভারতীয় নাগরিকত্ব পাবেন।
শুক্রবার (৪ জানুয়ারি) আসাম রাজ্যে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘‘আসামে নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার বিষয়ে আমি অবগত। কিন্তু আশ্বাস দিচ্ছি এক জন ভারতীয় নাগরিকও বিপদে পড়বেন না।’’
প্রসঙ্গত, দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে প্রস্তুত করা আসামের নাগরিকদের তালিকায় (এনআরসি) থেকে বাদ পড়েছে প্রায় ৪০ লাখ আসামবাসীর নাম। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে সেখানকার সব বাঙালিরা। ১৯৭১ সালে দেওয়া নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র কাছে না থাকায় ১০ লাখেরও বেশি মানুষ নতুন করে আবেদন করতে পারেননি। তবে তাদের মধ্যে অমুসলিমদের আশ্বস্ত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।




