
পতাকা ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন ইমন হোসেনের (১৮) মৃত্যু হয়েছে। রোববার সকালে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ইমন ভুয়াপুর অর্জুনা গ্রামের মৃত মো. জুলহাস শেখের ছেলে। বাবা পেশায় ভ্যানচালক ছিলেন। ইমন ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সময়ে তার বাবা মারা যান। চার ভাইবোনের মধ্যে সবার বড় সে। অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে ছোট ভাইবোন ও সংসারের খরচ মিটাতেন। ইমন মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে ভর্তি হয়েছেন হেমনগর ডিগ্রি কলেজে।
এর আগে গত ৪ঠা আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন।
পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন।




