বিনোদন

বলিউডের দেখাদেখি বিদেশ যাচ্ছে কলকাতার তারকারা

সপ্তাহখানেক আগেই বলিউড থেকে অক্ষয় কুমার ও আমির খান গোটা টিম নিয়ে ভারতের বাইরে উড়ে যান শুটিংয়ের জন্য। অক্ষয়ের ‘বেল বটম’ ইংল্যান্ডে এবং অন্যদিকে তুরস্কে আমিরের ‘লাল সিং চাড্ডা’র শুটিং চলছে পুরোদমে।
করোনা আবহে বড় টিম নিয়ে বিদেশ-বিভুঁইয়ে শুটিং করা যে বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু কাজ ছেড়ে কত দিনই বা বাড়িতে বসে থাকা যায়। বলিউডের পর এবার শোনা যাচ্ছে টলিউডেরও একাধিক ছবির শুটিং হতে চলেছে লন্ডনে। তার মধ্যে একটি ছবি কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হবে।
কলকাতার গণমাধ্যম জানায়, লন্ডনে মোট তিনটি বাংলা ছবির শুটিং হওয়ার কথা চলছে। প্রযোজনা করছে এসকে মুভিজ। কমলেশ্বর ছাড়াও সায়ন্তন ঘোষাল এবং পরিচালক জুটি অরিত্র সেন ও রোহন ঘোষের দুটি ছবি রয়েছে এই তালিকায়।
এই তিনটি ছবির কাস্টিংয়েও মোটামুটি একই অভিনেতা-অভিনেত্রীরা থাকছেন। যেমন; দুটি ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় ও পায়েল সরকার অভিনয় করবেন। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবে এসকে মুভিজের টিম।
এ প্রসঙ্গে পরিচালক কমলেশ্বর বলেন, “শুটিং হবে, সেই সিদ্ধান্ত পাকা। কিন্তু যাওয়ার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সবটাই নির্ভর করছে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর। কারণ আগামী ৩১ আগস্ট অবধি আন্তর্জাতিক উড়োজাহাজ বাতিল।”
এ ছবির নাম ‘অনুসন্ধান’। অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার ও পায়েল সরকার। বাকি দুটি চরিত্রের খোঁজ এখনো চলছে।
পরিচালক বলেন, “এটা একটা কোর্টরুম ড্রামা। যা একটা বাড়িতে চলে। সেখানে একজন পাবলিক প্রসিকিউটর, একজন ডিফেন্স কাউন্সিল এবং আরেকজন বিচারক, তারা সারা রাত ধরে একজন মানুষের বিচার করে। অনেক সময় অনেক অন্যায় কোর্ট অবধি পৌঁছায় না। আসলে আইন আর ন্যায়ের মধ্যে একটা তফাৎ থেকে যায়। আইনের চোখে হয়তো সে দোষী নয়, কিন্তু নৈতিকতার দিক থেকে সে দোষী। এই দু’য়ের মধ্যে যে তফাৎ, সেটার ওপর ভিত্তি করেই এগিয়েছে অনুসন্ধান-এর গল্প।”
অবশ্য বলিউড চার্টার্ড ফ্লাইট ব্যবহার করছে, কিন্তু কলকাতার সাপেক্ষে এ ব্যবস্থা ভীষণই খরচের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button