বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রাবাদা

দক্ষিণ আফ্রিকার ২০১৫ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কাগিসো রাবাদা। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচে অভিষেক ঘটে এ তারকা পেসারের।
সবচেয়ে কম বয়সে দক্ষিণ আফ্রিকার বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া ছাড়াও দেশটির ক্রিকেট বোর্ড আয়োজিত গালা অনুষ্ঠানে আরো পাঁচটি বিভাগের পুরস্কার লাভ করেন তিনি।
ব্যক্তিগত পর্যায়ে একই বছর ছয়টি পুরস্কার পাওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম খেলোয়াড়ও রাবাদা। এ ক্ষেত্রে তিনি সতীর্থ হাশিম আমলার পাঁচটি পুরস্কার পাওয়ার রেকর্ড ভাঙ্গলেন।
শীর্ষ পদক পাওয়া ছাড়াও রাবাদা দক্ষিণ আফ্রিকার বর্ষ সেরা টেস্ট ও ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার পান। দেশটির বর্ষ সেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হন পাকিস্তানে জন্ম গ্রহণকারী ইমরান তাহির।
দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের পছন্দে বর্ষ সেরা খেলোয়াড় ছাড়াও ৬০ হাজার সমর্থকের ভোটে এসএ (দক্ষিণ আফ্রিকা ) ফ্যানস অব দ্য ইয়ার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন রাবাদা।
রাবাদার ষষ্ঠ পুরস্কারটি ছিল ডেলিভারি অব দ্য ইয়ার। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে জেসন রয়কে বোল্ড আউট করা ডেলিভারির জন্য এ পুরস্কার পান তিনি।




