আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বরফের অ্যান্টার্কটিকায় গরমের রেকর্ড

অ্যান্টার্কটিকা মহাদেশের ৯৮ শতাংশই ঢেকে আছে বরফে। এখানে ইতিহাসে প্রথমবারের মতো তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। যে কারণে গলছে জমে থাকা বরফ। গবেষকরা বলছেন, কিছুক্ষণের রেকর্ড করা তাপমাত্রার ফলাফল ভবিষ্যতের জন্য অশনিসংকেত!
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরে বলা হয়, অ্যান্টার্কটিকার সেমুর দ্বীপে গত ৯ ফেব্রুয়ারি ২০ দশমিক ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেন গবেষকেরা। প্রথমবারের মতো এটি করা হয়। অঞ্চলটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের কাছাকাছি অবস্থিত। গবেষকদের ভাষ্য, অ্যান্টার্কটিকায় এত উচ্চ তাপমাত্রা এর আগে কখনো দেখা যায়নি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি মহাদেশটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ২০১৫ সালের মার্চে তাপমাত্রা রেকর্ড করা হয় সাড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস। অ্যান্টার্কটিকায় এ রকম তাপমাত্রা গ্রীষ্মকালেও দেখা যায় না।
ব্রাজিলীয় বিজ্ঞানী কার্লোস শেফার মহাদশেটিতে বরফ গলে পড়ার ভয়াবহতা প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘অ্যান্টার্কটিকায় এত উচ্চ তাপমাত্রা এর আগে কখনো দেখিনি।’ তার এই মন্তব্য বার্তা সংস্থা এএফপি নিজেদের প্রতিবেদনে প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়- শেফার আরো বলেছেন, ‘অল্প সময়ের এই তাপমাত্রা থেকে কোনো পূর্বানুমান করে নেওয়া উচিত নয়। তবে এই ঘটনা আমাদের ইঙ্গিত দেয়, অ্যান্টার্কটিকায় যা হচ্ছে, তা মোটেও স্বাভাবিক ঘটনা নয়।’
গত ৫০ বছরে অ্যান্টার্কটিকার গড় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে তথ্য দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বলা হচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব অ্যান্টার্কটিকাতেও পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button