Uncategorized

বন্য শূকরের আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত ৫

বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় বন্য শূকরের আক্রমণে আবদুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া শূকরটিকে তাড়া করায় তার কামড়ে আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার দুপুর ১২টার দিকে বরগুনা সদর ইউনিয়নের ক্রোক গ্রামীণ ব্যংক সংলগ্ন এলাকায় শূকরের এ আক্রমণের ঘটনাটি ঘটেছে।
মৃত আবদুল মান্নান ঢলুয়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবদুল মান্নান শাপলা তোলার জন্য বিলে গিয়েছিলেন। হঠাৎ বন্য শূকর তার ওপর হামলা করে। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল গিয়ে শূকরটিকে তাড়া করে বৃদ্ধকে উদ্ধার করে পাশের রাস্তায় নিয়ে আসেন। এর কিছু সময় পরই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা সঙ্ঘবদ্ধ হয়ে বিকেল ৩টার দিকে শূকরটি খুঁজে বের করে পিটিয়ে মারেন। এসময় শূকরের আক্রমণে পাঁচজন আহত হন। এদের মধ্যে হুমায়ুন, নজরুল ও আহাদুল নামের তিনজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মান্নানের ছেলে বাদল বলেন, তার বাবা মূলত একজন কৃষক। তিনি শাক-সবজি কুড়িয়ে বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতো সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর লোকজনের কাছে জানতে পারেন, শূকরের আক্রমণে তার বাবার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওই বৃদ্ধের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button