বন্যা দুর্গতদের অর্থ সহায়তা দিয়েছে ঝিটকা বাজার বারোয়ারী মন্দির কমিটি

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে দুর্গোৎসবের আয়োজনের বাজেটের অংশ থেকে বন্যা দুর্গতদের অর্থ সহায়তা দিয়েছে উপজেলার ঝিটকা বাজার বারোয়ারী মন্দির কমিটি।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ঝিটকা বাজার মন্দির কমিটির সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক নরেশ দাশ ও উপদেষ্টা বাবলু পোদ্দারের নেতৃত্বে নগদ ৫০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। ঝিটকা বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক নরেশ দাশ বলেন, এই মন্দিরের দীর্ঘদিন সভাপতি ছিলেন নারায়ণ চন্দ্র পোদ্দার। এছাড়াও মহাশ্মশান ঘাটের দীর্ঘদিনের সভাপতি ও সেক্রেটারি থেকে নিষ্ঠার সাথে মন্দির এবং মহাশ্মশান ঘাটের সেবাই নিয়োজিত ছিলেন। তার নিষ্ঠার কারণে মহা শশান ঘাটের উন্নয়ন হয়েছে অনেক। তিনি পরলোক গমনের পরে বর্তমানে আমি মহাশ্মশান ঘাট এবং মন্দিরের দায়িত্ব পালন করে আসছি। স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের কারণে ঝিটকা বাজার মন্দির কমিটি ও সকল সনাতনীদের পক্ষ থেকে আমরা এই সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের সংক্ষিপ্ত তহবিল থেকে ৫০ হাজার টাকা দিয়েছি। দুর্গাপূজার জন্য প্রতিবছর তিন-চার লক্ষ টাকা বাজেট থাকে আমরা সে বাজেট কিছুটা কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এ বিষয়ে নারায়ণ চন্দ্র পোদ্দারের ছেলে বিপ্লব পোদ্দার বলেন, কারো বিপদে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বিপদে আমরা যতটুকু পেরেছি পাশে দাঁড়িয়েছি। আমরা কখনো বিপদে পড়লে হয়তো উনারাও এগিয়ে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, আমরা মন্দির কমিটি থেকে ৫০ হাজার টাকা পেয়েছি।




