বন্যার কারণে বন্ধ প্যারিসের ল্যুভর মিউজিয়াম

ফ্রান্স ও জার্মানিতে বন্যায় অন্তত ১০ জন মারা গেছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘর আজ শুক্রবার বন্ধ থাকবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানান, বন্যার পানি থেকে রক্ষা করতে ল্যুভর জাদুঘরের মূল্যবান সামগ্রী তাঁরা সরিয়ে নেবেন।
ল্যুভর জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ভূগর্ভস্থ সংগ্রহশালা থেকে শিল্পকর্ম সরিয়ে নিতে আজ জাদুঘর বন্ধ থাকবে।
গত কয়েক দিনের মুষলধারার বৃষ্টিতে ল্যুভর জাদুঘরের পার্শ্ববর্তী সেইন নদীর পানি উপচে পড়েছে।
নদীর তীরবর্তী প্যারিসের ওরসে জাদুঘর কর্তৃপক্ষও বন্যার ব্যাপারে সতর্ক রয়েছে। জাদুঘরটি গতকাল বন্ধ ঘোষণা করা হয়। জাদুঘরের মূল্যবান শিল্পকর্ম নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
প্যারিসের কর্মকর্তারা জানান, তাঁরা সিন নদীর তীরে জরুরি বন্যানিয়ন্ত্রণ বাঁধ তৈরি করছেন।
জার্মানিতে বেশ কয়েকটি শহর বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বন্যায় হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে।
ফ্রান্স ও জার্মানির আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।




