বদরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য তাৎক্ষণিকভাবে পৌরসভায় বিতরণের উদ্দেশ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে তিন লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। ২৬ এপ্রিল থেকে ৯জুন পর্যন্ত মোট সাত দফায় ওই অর্থের চেক গ্রহণ করেন পৌর মেয়র উত্তম কুমার সাহা। ১১ কাউন্সিলরের অভিযোগ- ওই অর্থ পৌর মেয়র অসহায় মানুষকে না দিয়ে তার নিজ¯^ কিছু মানুষকে দিয়ে পুরো অর্থই আত্মসাৎ করেছেন।
এ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ৫১.০১.৮৫০৩.০০০.৪১.০২৪.১৯-০১ নং স্মারকে এবং ৮ জুলাই সাক্ষরিত এক পত্রে তিন কার্যদিবসের মধ্যে অর্থ বিতরণের মাস্টার রোল প্রদানের জন্য পৌর মেয়রকে অনুরোধ জানান। কিন্তু ইউএনও’র ওই অনুরোধকে পাত্তা দিচ্ছেননা পৌর মেয়র উত্তম কুমার সাহা। খোঁজ নিয়ে জানা গেছে- বুধবার( ১৫জুলাই) পর্যন্ত মাস্টার রোল প্রদান করা তো দূরের কথা পৌর মেয়রের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে যোগাযোগ পর্যন্ত করা হয়নি। এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বাবুল চন্দ্র রায় বলেন, ২৬ জুলাই প্রথম দফা টাকা প্রদানের তিন মাস পূর্ণ হবে। এর মধ্যে মাস্টার রোল জমা না হলে ওইদিন প্রথম দফার টাকা ফেরত চেয়ে পৌর মেয়রকে পত্র দেয়া হবে।
এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের এখতিয়ারভুক্ত। বরাদ্দ প্রাপ্তির এতদিনেও বিতরনের মাস্টার রোল জমা না করায় আমি সভাপতি হিসেবে মেয়র
মহোদয়কে পত্র দিয়েছিলাম। আমি আশা করেছিলাম পৌরসভার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাব। কিন্তু আজ(বুধবার) পর্যন্ত মাস্টার রোল জমা না দেয়ার ঘটনা দুঃখজনক। তিনি বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এদিকে এবিষয়ে কোন কথা বলতে রাজি হননি পৌর মেয়র উত্তম কুমার সাহা।##



