বদরগঞ্জে ব্যস্ত সময় পার করছেন ভাড়াটে বক্তারা
রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ব্যস্ত সময় পার করছেন ভাড়াটে বক্তারা। তারা ইউপি নির্বাচন উপলক্ষে ছুটছেন ১০ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। তারা অর্থের বিনিময়ে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী সভা সঞ্চালনার পাশাপাশি প্রর্থীর পক্ষে কৌশলী বক্তব্যও রাখছেন। এতে তারা দর্শকদের হাততালি যেমন পাচ্ছেন তেমনিভাবে পাচ্ছেন পকেটভরা টাকা। অবশ্য দলীয় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় তাদের দেখা যাচ্ছেনা। এমনকি জনপ্রিয় কোন প্রার্থীও তাদের ডাকছেনা। তাদের ডাক পড়ছে যারা জন প্রিয়তায় পিছিয়ে আছেন কিংবা নানাভাবে যারা সমাজে বিতর্কিত এমন প্রার্থীর নির্বাচনী সভায়। এক্ষেত্রে অবশ্য তাদের প্রার্থীও বদল হচ্ছে। ফলে আজ এ প্রার্থী তো কাল ও প্রার্থীর পক্ষেই ভাড়াটে বক্তারা বক্তব্য দিচ্ছেন।
এবিষয়ে জানতে চাইলে ভাড়াটে বক্তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেহেতু বদরগঞ্জ উপজেলায় একসঙ্গে ১০ ইউনিয়নে নির্বাচন হচ্ছে সেহেতু প্রার্থী সংখ্যাও অনেক হবে এটাই স্বাভাবিক। এসব ইউনিয়নে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী দিলেও অন্যান্য রাজনৈতিক দল কোন প্রার্থী দেয়নি। একারণে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোন প্রার্থীর পক্ষেই মঞ্চে উঠছেননা। তাই প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বক্তা সঙ্কট দেখা দেয়াই স্বাভাবিক। এ বিষয়টি মাথায় রেখে নির্বাচনী তফশিল ঘোষণার সাথে সাথেই বক্তা ভাড়া দেয়ার প্রতিশ্রæতিতে রেলস্টেশনে ফেস্টুন টানানো হয়। আর এতেই ব্যাপক সাড়া পাওয়া যায়। তিনি বলেন, এর আগে প্রার্থীদের মনোনয়ন পত্র লিখে দেয়ার পাশাপাশি অনেক প্রার্থীকে নির্বাচনী প্রচারণার কলাকৌশল শেখানো হয়েছে এবং এখনো শেখানো হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়াটে বক্তাদের নির্দিষ্ট কোন প্রার্থী নেই। যে প্রার্থী যত বেশি টাকা দেবে ভাড়াটে বক্তারা তার হয়েই নির্বাচনী প্রচারণায় অংশ নেবে।##




