বদরগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত

রংপুর প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বড় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। শীতের তীব্রতায় তারা যেমন বাইরে যেতে পারছেননা। তেমনিভাবে সংসারের প্রয়োজনে ঘরেও থাকতে পারছেননা। এদিকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য মাত্র তিন হাজার কম্বল থাকলেও নানা জটিলতায় তা’ বিতরণ করা যাচ্ছেনা। ফলে তীব্র শীতে অসহায় মানুষগুলো চরম ভোগান্তিতে রয়েছেন।
উল্লেখ্য- মঙ্গলবার থেকে বদরগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বুধবার রাত ১১টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় যা বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত অব্যাহত। আর এর সাথে যোগ হয় হিমেল হাওয়া। ফলে তীব্র শীত অনুভুত হয়। খড়কুটো জ্বালিয়ে দরিদ্র ও অসহায় মানুষজন শীতের তীব্রতা থেকে নিজেদের রক্ষা করছে। তবে খেটে খাওয়া মানুষজন শীতের তীব্রতা উপেক্ষা শহরে ছুটলেও তাদের সংখ্যা ছিল নিতান্তই কম।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান-মেম্বাররা শপথ না নেয়ায় প্রশাসনের পক্ষে অসহায় ও দরিদ্র মানুষগুলোকে চিহ্নিত করে একত্রিত করা যাচ্ছেনা। ফলে কম্বল বিতরণ করাও সম্ভব হচ্ছেনা। এছাড়া কম্বল কেনার জন্য যে টাকা রয়েছে নতুন উপজেলা নির্বাহী অফিসার কাজে যোগ না দেয়ায় সে টাকাও পড়ে রয়েছে।




