বদরগঞ্জের যমুনেশ্বরী নদীতে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পাঁচ ঘন্টার ব্যর্থ অভিযান

রাহুল সরকার : রংপুরের বদরগঞ্জে বন্ধুদের সঙ্গে সেতু থেকে যমুনেশ্বরী নদীর পানিতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন সনেট সরকার নামে এক শিক্ষার্থী।জ এসময় স্থানীয় লোকজন রিপন, মমিনুল, হাফিজুর ও রিয়াদ নামে চারজনকে উদ্ধার করলেও সনেটকে খুঁজে পাননি। বিষয়টি স্থানীয় দমকল বাহিনীকে জানানো হলে যমুনেশ^রী নদীতে সনেটকে উদ্ধারে নামেন দমকল বাহিনীর দু’টি ডুবুরি দল। কিন্তু পাঁচ ঘন্টা ধরে অনেক খোঁজাখুঁজির পর সনেটকে না পেয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট সেতু এলাকায়। নিখোঁজ সনেট সরকার ওই এলাকার কুতুবপুর স্কুল অ্যাÐ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ডাঙ্গলপাড়ার রনজু সরকারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সনেট ও তার চার বন্ধু যমুনেশ্বরী নদীতে গোসল করতে যান। এরই এক ফাঁকে তারা নাগেরহাট সেতু থেকে নদীতে লাফিয়ে পড়েন এবং প্রবল পানির তোড়ে ভেসে যেতে থাকেন পাঁচ বন্ধু। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে চার বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও সনেটকে উদ্ধার করতে পারেননি। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে রংপুর ও বদরগঞ্জ থেকে আসা দমকল বাহিনীর দুটি ডুবুরি দল সনেটকে উদ্ধারে অভিযান শুরু করে। কিন্তু ওইদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ ঘন্টার ওই অভিযানে সনেটকে উদ্ধার করা যায়নি। একারণে অভিযানের সমাপ্তি ঘোষণা করে দমকল বাহিনী। বিষয়টি স্বীকার করে বদরগঞ্জ দমকল বাহিনীর দলনেতা গোলজার হোসেন জানান, নদীতে এমনিতেই টইটুম্বুর পানি। ঘটনাস্থল থেকে ভাটি এলাকায় নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের জন্য প্রাণান্তকর চেষ্টা চালানো হয়েছে। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। একারণে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এদিকে বুধবার নিখোঁজ শিÿার্থীর স্বজন ও এলাকাবাসী নিজ উদ্যোগে দ্বিতীয় দিনের মত সেতুর ভাটি এলাকায় নানাভাবে সনেটকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে এ রিপোর্ট লেখার সময় দুপুর ১টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।




