বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

বগুড়া শহরের পুরান বগুড়া দক্ষিণপাড়ায় শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে আকবর আলী (৭০) এক বৃদ্ধ মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন আশঙ্কায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার (৪ এপ্রিল) তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
জানা যায়, কাশি ও গলা ব্যথা নিয়ে ১০-১২ দিন আগে বগুড়ায় ছেলের বাসায় এসেছিলেন ওই ব্যক্তি। শনিবার বেলা ২টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এমন আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে যান। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি শুরু হয় এবং নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ওই ব্যক্তির বাড়িটিসহ পাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানান, ওই বৃদ্ধ শ্বাসকষ্ট ও গলা ব্যথায় মারা গেছেন। তবে পরিবারের সদস্যরা দাবি করেছেন যে অ্যাজমা ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। প্রশাসন বাড়িটি লকডাউন করলেও মৃতের ছেলে রুবেল মিয়া পরিবারের সদস্যদের সাথে লাশ নিয়ে গ্রামের বাড়িতে চলে যাবেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, বার্ধক্যজনিত কারণে কাশি ও শ্বাসকষ্টে আকবর আলীর যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরও তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বজনরা নির্দেশনা মোতাবেক লাশ দাফন করবেন।
পূর্বপশ্চিম




