ফ্রান্সে বুরকিনি নিষেধাজ্ঞা স্থগিত

ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত ‘বুরকিনি’ (পুরো দেহ আবৃতকারী সাঁতারের পোশাক) পরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে। ভূমধ্যসাগরীয় উপকূলের একটি ফরাসি নগরী এই নিষেধাজ্ঞা জারি করেছিল। আদালত তার রায়ে বলেছে, এই নিষেধাজ্ঞা মৌলিক স্বাধীনতার লঙ্ঘন।
আদালত পরে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিস্তারিত আদেশ জারি করবে বলে জানিয়েছে।
সাংবাদিকরা জানিয়েছেন, এখন থেকে আর কোনো ফরাসি নগরী এই পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে না। মূলত মুসলিম নারীরা এই পোশাক পরে সাগরে নামে। ফরাসি নিষেধাজ্ঞার পর অনেক অমুসলিমও এই পোশাকের দিকে ঝুঁকেছিল।
ফ্রান্সের একটি মানবাধিকার গ্রুপ এলডিএইচ নগর কর্তৃপক্ষের জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে আপিল করেছিল। রায়ের পর গ্রুপটি জানায়, নগর কর্তৃপক্ষ এ ব্যাপারে যাদের জরিমানা করেছিল, এখন তারা সেই অর্থ ফেরত দাবি করতে পারবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে।
সূত্র : বিবিসি




